আশা বাঁচিয়ে রাখল ঢাকা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের গাণিতিক সম্ভাবনা টিকিয়ে রাখল ঢাকা ক্যাপিটালস। নিজের শহরের দর্শকদের সামনে শেষ ম্যাচে চিটাগং কিংস মাঠ ছাড়ল মাথা নিচু করেই।

৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে খানিকটা স্বস্তিতেই ছিল চিটাগং কিংস। অন্যদিকে ৯ ম্যাচে মাত্র দুটোয় জিতে প্লে-অফের সমীকরণ থেকে অনেকটাই ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে জিতলে কিংসের প্লে-অফ অনেকটাই নিশ্চিত হতো, বিদায় নিশ্চিত হতো ঢাকার। কিন্তু মোসাদ্দেক হোসেন আর নাজমুল অপুর নিয়ন্ত্রিত বোলিংয়ের পর তানজিদ তামিমের ব্যাটিং অপেক্ষায় রেখেছে চিটাগং কিংসকে।

টস জিতে আগে ব্যাটিং নেয় চিটাগং। নাইম ইসলামের ধীরস্থির ব্যাটিংয়ের (৪০ বলে ৪৪) সঙ্গে জুবায়েদ আকবরিও সাবধানী শুরু করলে পাওয়ার প্লে-তে খুব বেশি রান না উঠলেও উইকেট পড়েনি। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৩০ রান তোলে চিটাগং কিংস। প্রথম আঘাত আসে ৮ম ওভারে, আউট হন জুবায়েদ আকবরি। এরপর গ্রাহাম ক্লার্ক ১৯, শামীম হোসেন ১৫, হায়দার আলি ১৬ আর মোহাম্মদ মিঠুন ১২* রান করায় ইনিংসটা বড় হয়নি কিংসের। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে চট্টগ্রাম। অফস্পিনে ৩ ওভারে ১৩ রানে জোড়া শিকার মোসাদ্দেক হোসেনের, বামহাতি স্পিনে ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট বামহাতি স্পিনার ‘নাগিন’ অপুর।

রান তাড়ায় তানজিদ তামিম ভাবতেই পারতেন, প্রতিপক্ষের রানটা আরেকটু বেশি হলেই পারত! ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থেকে এই আসরে আরেকটা সেঞ্চুরি যে পাওয়া হলো না তার। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকার রেকর্ডগড়া রান আর লিটনের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়ার জবাবের ভিড়ে হারিয়ে গিয়েছিল তানজিদ তামিমের সেঞ্চুরির খবর। তবে চিটাগং কিংসের বিপক্ষে তার ব্যাটিং চোখে লেগে থাকার মতোই। চার মেরেছেন কম, ছয় মেরেছেন বেশি। ৩ চার আর ৭ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলা তামিম খালেদের করা ম্যাচের শেষ ওভারটা ছয় মেরে শুরু করলেও শেষ পর্যন্ত উইনিংস স্ট্রোকটা নিতে পারেননি। সেটা নিয়েছেন সাব্বির রহমান। ৯ বলে ১৪ রানে সাব্বির দিয়েছেন যোগ্য সঙ্গত। তবে লিটনের ২৮ বলে ২৫ রানের ইনিংসটা ফের তার ব্যাটিং সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করল। সুযোগটা কাজে লাগাতে পারেননি মুনিম শাহরিয়ারও, ১৮ বলে করেছেন ১২ রান। তবে একদিকে তানজিদ তামিম ছিলেন, তাই ভাবতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে। অল্প দূরত্ব তারা পাড়ি দিয়েছে সহজেই। ১১ বল আর ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতল ঢাকা, তাতে আইসিইউতে খানিকটা বাড়তি অক্সিজেন পেল ঢাকার প্লে-অফ খেলার আশা। ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। যদিও ম্যাচ সংখ্যা তাদের সবচেয়ে বেশি, ১০টি।

বরিশালের হ্যাটট্রিক জয়

খুলনাকে ৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে আর শেষ দিকে রিশাদ হোসেনের ক্যামিওতে খুলনার বিপক্ষে ৯ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়েছিল বরিশাল। জবাবে ৬ উইকেটে ১৬০ রানে থামে খুলনা টাইগার্সের ইনিংস।

সাগরিকায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। দ্বিতীয় ও তৃতীয় বলে গোল্ডেন ডাকে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল ও ডাভিড মালান। চতুর্থ উইকেটে রিয়াদের সঙ্গে ৪৭ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন ৩০ বলে ৩৬ রান করা হৃদয়। এরপর ক্রিজে ঝড় তোলেন রিশাদ। রিয়াদ ৪৫ বলে ৫০ ও রিশাদ ১৯ বলে ৩৯ রান করেন। রান তাড়ায় দুটি ফিফটি জুটি গড়া নাইম শেখ ৫৯ বলে ৭৭ রান করলেও খুলনাকে জেতাতে পারেননি। এ ছাড়া মিরাজ ৩৩ ও আফিফ ২৭ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত