ফুটবল ভক্তদের রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা। বেনফিকার মাঠে চ্যাম্পিয়নস লিগের বিপক্ষে মাঠের দুই অর্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নেয় কাতালানরা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথমবার ৫-৪ গোলের এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সরাসরি শেষ ষোলোয় উঠে গেল স্প্যানিশ জায়ান্টরা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান টেবিলের দুই নম্বরে। তাদের ওপরে টানা ৭ ম্যাচের সবকটিতে জেতা লিভারপুল। একই রাতে লিলকে ২-১ গোলে হারায় অলরেডরা।
মঙ্গলবার রাতে লিসবনের ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বেনফিকা। আলভারো ফার্নান্দেসের পাস থেকে বল পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান ভ্যানগেলিস পাভলিদিস। ১৩ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট-কিকে ম্যাচে সমতা ফেরান রবার্ট লেভানডফস্কি। কিন্তু ২২তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের ভুলে ফাঁকা জালে গোল করে বেনফিকাকে আবার এগিয়ে নেন পাভলিদিস। ম্যাচের ২৮তম মিনিটে কেরেম আক্তারকোগলুকে ফাউল করে বসেন বার্সা গোলকিপার ভোইচেখ শেজনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পট-কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিদিস। ৩০ মিনিটে করা তার হ্যাটট্রিকটি চ্যাম্পিয়নস লিগের তৃতীয় দ্রুততম। এর আগে ২০২২ সালে লেভানডফস্কি ২৩ মিনিটে ও ১৯৯৬ সালে মার্কো সিমোনে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
বেনফিকার ৩-১ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধ। মুষলধারে বৃষ্টির মধ্যে ৬৪তম মিনিটে স্বাগতিক গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের ভুল কাজে লাগিয়ে দারুণ হেডে ব্যবধান কমান রাফিনহা। চার মিনিট পরই বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন রোনাল্ড আরাউহো। ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। ৭৮তম মিনিটে ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভানডফস্কি। নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৪-৪ করেন বদলি নামা এরিক গার্সিয়া। পেদ্রির ক্রসে কাছ থেকে লাফিয়ে চমৎকার হেডে গোলটি করেন এই ডিফেন্ডার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজেদের বক্সে বেনফিকার জোড়া আঘাত সামলায় বার্সা। কাউন্টার অ্যাটাকে ফেররান তরেসের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন রাফিনহা। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দারুণ শটে বল পাঠিয়ে দেন জালে। তাতেই ৫-৪ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
লিভারপুলের মতো একই ব্যবধানে বেয়ার লেভারকুজেনকে আতলেতিকো মাদ্রিদ আর বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বোলোগনা। মোনাকোর মাঠে ১-০ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা, এর মধ্যে ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্তাস। সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে মাদ্রিদের দলটি। ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জার্মানির দল লেভারকুজেন। টানা চার ম্যাচে হারের পর ৭ মাস আগে দায়িত্ব নেওয়া কোচ নুরি শাহিনকে ছাঁটাই করেছে ডর্টমুন্ড।
