অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৯৪১ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব মামলার তথ্য জানান।
মামলার এজাহারে বলা হয়, সাবেক স্থানীয় সরকারম পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখা এবং তার ৩৫টি ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকা লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও তার ১১টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ১১ লাখ ৫৫ হাজার ১৭৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা তাজুল ইসলামকে মামলার আসামি করা হয়েছে।
