গার্দিওলার সিটিকে উড়িয়ে দিল পিএসজি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

টানা ব্যর্থতার পর প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনকে ৬-০ গোলে হারিয়ে পেপ গার্দিওলা বলেছিলেন ‘সিটি ফিরে এসেছে’। কিন্তু কীসের কী? চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্তেই বন্দি রইল ইংলিশ চ্যাম্পিয়নরা। তাদেরকে ৪-২ গোলে উড়িয়ে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠে গেল পিএসজি।

বুধবার রাতের ম্যাচে পিএসজি গোলের জন্য মোট ২৬টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছে। বিপরীতে ৯ শটের ৬টি লক্ষ্যে রাখে সিটি। গোলহীন প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে সিটিকে এগিয়ে দেন গ্রিলিশ। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। পিএসজি জবাব দিতে বেশি সময় নেয়নি। ৫৬ থেকে ৬০ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে দেয় তারা।

পিএসজির হয়ে প্রথম গোলটি করেন উসমান দেম্বেলে। এরপর দিজিরে দুয়ের শট ক্রসবারে লেগে ফেরার পর বার্কোলার শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ৭৮তম মিনিটে ভিতিনিয়ার দারুণ ফ্রি-কিক থেকে দর্শনীয় হেডে পিএসজিকে ফের এগিয়ে দেন নেভেস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান বদলি নামা রামোস। জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত