ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে ‘সংলাপে প্রস্তুত’ রাশিয়া

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘সংলাপের জন্য প্রস্তুত’ বলে জানিয়েছে রাশিয়া। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশেষ কিছু দেখছি না। ট্রাম্পের প্রথম শাসনামল প্রমাণ করে— তিনি নিষেধাজ্ঞা ‘পছন্দ’ করেন এবং রাশিয়া তার বক্তব্য ‘নিবিড়ভাবে’ বিশ্লেষণ করছে।

ট্রুথ সোশ্যালকে তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধে যদি কোনো চুক্তি না হয় তবে শিগগিরই রাশিয়ার পণ্যের ওপর উচ্চমাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া কোনো উপায় থাকবে না।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আঘাত করতে চায় না এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সবসময়ই খুব ভালো সম্পর্ক রয়েছে।

রিপাবলিকান নেতা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দিয়ে বলেন, ‘এখন সময় এসেছে একটি চুক্তি করার।’ তিনি তখন প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ শুরু হতো না বলে জানান ট্রাম্প।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন চলতি মাসের শুরুতে মস্কোর জ্বালানি খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।

ক্রেমলিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বারবার প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার পেসকভ স্বীকার করেছেন, নিষেধাজ্ঞার কারণে সব দেশের মতো রাশিয়াও অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে। তবে তার দাবি, রাশিয়ার সব ধরনের সামরিক সক্ষমতা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত