সাবালেঙ্কার হ্যাটট্রিকের মাঝে ম্যাডিসন কিস

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২৯ এএম

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পাঁচ গ্র্যান্ড সø্যাম শিরোপাজয়ী ইগা সোয়ানতেককে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। আড়াই ঘণ্টার তুমুল লড়াইয়ে পোলিশ তারকাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। সাত বছর আগে ইউএস ওপেনের ফাইনাল খেলা কিস শনিবার ফাইনালে মুখোমুখি হবেন গত দুই আসরের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার।

মেলবোর্নে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেট ৭-৫ গেমে জিতে নিয়েছিলেন সোয়ানতেক। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন করেন কিস, জেতেন ৬-১ গেমে। শেষ সেটে লড়াই ওঠে চরমে। উত্থান-পতনের সেটটি গড়ায় টাইব্রেকে। সেখানে ৫-৭ পয়েন্টে পিছিয়ে থাকার পরও হাল ছাড়েননি কিস। ট্রাইব্রেকার জেতেন ১০-৮ পয়েন্টে। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড সø্যাম ফাইনালে উঠে যারপরনাই বিস্মিত কিস বলেন, ‘হ্যাঁ, আমি এখন ফাইনালে। দ্বিতীয় সেট থেকে একটা মোমেন্টাম পেয়েছিলাম। শেষ সেটে ওটাই হাল না ছাড়ার পেছনে কাজ করেছে।’

অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে এবারই প্রথম নারীদের নম্বর ওয়ান হিসেবে কোনো গ্র্যান্ড সø্যাম খেলতে নামেন সাবালেঙ্কা। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আত্মার বন্ধু বিশ্বের ১১তম বাছাই স্পেনের পাওলা বাদোসাকে। প্রথম সেটে কিছুটা লড়াই হলে দ্বিতীয় সেটে আর পেরে ওঠেননি বাদোসা। ১ ঘন্টা ২৬ মিনিটের লড়াই শেষে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৬-৪ ও ৬-২ গেমে ম্যাচ জেতেন সাবালেঙ্কা। গত এক দশকের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ২০ ম্যাচ জেতার কীর্তি গড়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি নিজেকে নিয়ে খুব গর্বিত। একজন বন্ধুর বিপক্ষে খেলা একটি কঠিন ম্যাচ ছিল এটি। আমি জানি আগামী দুয়েক দিন আমার ওপর রাগ থাকবে তার (বাদোসার)।’ এ কথা বলে বাদোসাকে কেনাকাটা করে দেওয়ার প্রতিশ্রুতি জানান সাবালেঙ্কা।

২০১৭ আসর দিয়ে টানা অস্ট্রেলিয়ান ওপেনের তিন ফাইনাল খেলেছিলেন সেরেনা উইলিয়ামস। তারপর প্রথম নারী হিসেবে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করলেন আরিনা সাবালেঙ্কা। ২০০২ সালে মার্টিনা হিঙ্গিসের পর সবচেয়ে কনিষ্ঠ নারী হিসেবে এ কীর্তি গড়েন ২৬ বছর বয়সী বেলারুশিয়ান এ তারকা। গত দুই আসরে শুধু ফাইনালই খেলেননি, সাবালেঙ্কা জিতেছেন আসরের শিরোপাও। ১৯৯৯ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি কোনো নারী টেনিস তারকা। এমন কীর্তির সামনে দাঁড়িয়ে সাবালেঙ্কা বলেন, ‘এটা আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে পারা আমার কাছে অনেক বড় কিছু।’ এ পর্যন্ত তিনটি গ্র্যান্ড সø্যাম জিতেছেন নম্বর ওয়ান সাবালেঙ্কা। আজ পুরুষ এককের সেমিফাইনাল মাঠে গড়াবে। বর্তমান চ্যাম্পিয়ন ও পুরুষদের নম্বর ওয়ান ইয়ানিক সিনারের বিপক্ষে মাঠে নামবেন ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন। আরেক ম্যাচে দ্বিতীয় বাছাই আলেকজান্ডার ভেরেভকে সামলাবেন কিংবদন্তিনোভাক জকোভিচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত