বিদায় শঙ্কায় ম্যানসিটি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনকে ছয় গোল দিয়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, স্বরূপে ফিরেছে তার দল। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফিরতেই আবার যেন পুরনো চেহারায় ম্যানসিটি। পার্ক দ্য প্রিন্সেসে ২-৪ গোলে হেরে ২০২৩-এর চ্যাম্পিয়নরা এবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে প্রতিটি দল লিগ পর্বে খেলছে আট ম্যাচ। অর্থাৎ প্রত্যেক দলের বাকি আছে আর একটি করে ম্যাচ। ৭ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া সিটি যদি শেষ ম্যাচে জিততে না পারে, তবে সেরা ২৪ দলের মধ্যে থাকা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে জিতেও পিএসজির সেরা-২৪-এ থাকা নিশ্চিত হয়নি। ১০ পয়েন্টে তারা আছে ২২ নম্বরে। শেষ রাউন্ডের ম্যাচে হেরে গেলে বিদায় হতে পারে পিএসজিরও।

৫-৬ ডিগ্রির প্রচ- ঠান্ডার মধ্যে প্যারিসে ম্যাচের ৫০ মিনিটে ডেডলক ভাঙেন জ্যাক গ্রিলিশ। তিন মিনিট পর ব্যবধান বাড়ান আর্লিং হালান্ড। ৫৬ মিনিটে বারকোলার অ্যাসিস্ট থেকে গোল শোধ দেন ওসমান দেম্বেলে। চার মিনিট পর বারকোলা নিজেই গোল করলে ২-২ সমতা ফেরে ম্যাচে। ৭৮ মিনিটে জোয়াও নাভাস গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগকরা সময়ের তৃতীয় মিনিটে গঞ্জালো রামোস গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় পিএসজির।

ম্যাচ হারের পর সিটির কোচ গার্দিওলা স্বীকার করেছেন, তার দলের চেয়ে প্রতিপক্ষ ভালো খেলেছে। ম্যাচের পরিসংখ্যানও তাই বলছে। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি গোলের উদ্দেশে শট নিয়েছে ২৬টি। ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও হার তাতে ক্ষুব্ধ কি না, এমন প্রশ্নের উত্তরে গার্দিওলা বলেন, ‘না আমি রাগন্বিত নই। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা দুটি গোল করেছিলাম, তবে যখনই তারা বল পেয়েছে, আমাদের জন্য সমস্যা তৈরি করেছে।’ চ্যাম্পিয়নস লিগে এবার লিগ পর্বে ম্যানসিটির শেষ ম্যাচ ক্লাব ব্রুগের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। গার্দিওলা বলেন, ‘আমাদের শেষ সুযোগ ব্রুগের বিপক্ষে এবং আমরা সর্বোচ্চ চেষ্টাই করব। শেষ পর্যন্ত আমরা যদি পরের রাউন্ডে যেতে না পারি, তাহলে বুঝতে হবে, সেটা আমাদের প্রাপ্য নয়। অ্যাওয়ে ম্যাচ কঠিন হয়। ইন্তার মিলান ও ফিয়েনুর্দের বিপক্ষে সেটি দেখেছি আমরা।’ ইন্তার ও ফিয়েনুর্দের মাঠে ড্র করেছিল ম্যানসিটি।

পিএসজি তাদের শেষ ম্যাচ খেলবে স্টুটগার্টের বিপক্ষে। স্টুটগার্ট বর্তমানে আছে পয়েন্ট টেবিলের ২৪ নম্বরে। তাদেরও পয়েন্ট পিএসজির সমান (১০)।

একই দিনে আরেক ম্যাচে ইন্তার মিলান ১-০ গোলে হারিয়েছে স্পার্তা প্রাগকে। অ্যাওয়েতে ম্যাচের ১২ মিনিটে গোল করেন লাউতারো মার্তিনেজ। ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্তার। সাত রাউন্ড শেষে ১৬ পয়েন্টে ইন্তার মিলান আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত