ববিতে ছাত্রলীগ কর্মীকে দরজা ভেঙে নিয়ে গেল সহপাঠীরা 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাহরিয়ার সান নামে এক ছাত্রলীগকর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে তার সহপাঠীরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহারিয়ার সান আইন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীকে আটক করে সিকিউরিটি গার্ডের রুমে তালাবদ্ধ করে রাখে এবং পুলিশ ও প্রক্টরকে ফোন দেয়। এদিকে ছাত্রলীগের একটি অংশ সহপাঠী পরিচয় দিয়ে মূল ফটকে জড়ো হয়। পরে সিকিউরিটি রুমের দরজা ভেঙে শাহরিয়ার সানকে তুলে নিয়ে যায় তারা। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে তারা জড়ো হয়ে বিজয় মিছিল করে। 

শিক্ষার্থীরা আরও জানান, এ সময় ৩০-৪০ জন শিক্ষার্থী জড়ো হয়ে ঐ ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিলে অংশ নেয়। যারা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এছাড়া এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ উপস্থিত ছিলেন।   

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শাহরিয়ার সান বিকেলে ক্যাম্পাসে আসে। শিক্ষার্থীরা তাকে আটক করে আনসারের সিকিউরিটি রুমে আটকে রাখে। এসময় ছাত্রলীগের কয়েকজন এসে রুমের দরজা ভেঙ্গে সানকে নিয়ে যায়। তারা ভোলা রোডে গিয়ে বিজয় মিছিল করে। 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা দরজা ভেঙে শাহরিয়ার সানকে নিয়ে গেছে। আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আইন নিজের হাতে তুলে নেইনি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি উপাচার্যের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানাব। তবে ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কখনোই তাদের প্রশ্রয় দেব না। এটা কখনোই হবে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত