বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছে একটি চক্র।
তিনি বলেন, ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে ফ্যাসিজম, ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না। এ দেশেও সেটা হবে না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাঁবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। গতকাল শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম প্রমুখ।
