‘আ. লীগ নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা নয়, দাফনও করেছে’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা না, দাফনও করে ছেড়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা দিনের ভোট রাতে করেছে। নতুন প্রজন্মকে ভোট থেকে বঞ্চিত করেছে। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। জাতির সামনে তারা নির্বাচন নিয়ে যায়নি।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টর দিনের কথা উল্লেখ করে অধ্যাপক মজিবুর রহমান বলেন, সেদিন মনে হয়েছিল আল্লাহ তায়ালা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে ছাত্র-জনতা, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। সেইদিন হাসিনা ইঁদুরের গর্তও খুঁজে পায়নি পালানোর জন্য।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, আমরা মানুষের আইন মানি না, আমরা আল্লাহর আইন মানি। আল্লাহর আইন আসলে পরে শয়তানের আইন পালাবে। জুলুম যত আছে, পালাতে বাধ্য হবে যদি ইসলাম আসে।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত