সোনাগাজীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৪ যুবদলকর্মী আহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিন যুবদল কর্মী গুরতর আহত হয়েছে । শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় ঘটনাটি ঘটে।

হামলায় আহতরা হলেন- চর দরবেশ ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আবদুল্লাহ টিটু, মো. রুবেল ও আবুল কাশেম। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। 

জানা গেছে, হামলার শিকার হওয়া ব্যক্তিরা চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় কৃষক দলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরতর জখম করে।

স্থানীয় যুবদল নেতা জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে যুবদল কর্মী জামাল উদ্দিন খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানায়, আহত যুবদল কর্মী খোকনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার বিএনপি কর্মী ভোলন ও ইস্রাফিলের সাথে বিরোধ চলছে। এ নিয়ে গত কিছুদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ধারণা করা হচ্ছে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।

আহত জামাল উদ্দিন ও টিটু বলেন, সভা থেকে আমরা স্বাভাবিকভাবে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আমাদের ওপর হামলা করে শেখ ফরিদ ভোলন, ইসরাফিলের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী। এলাকায় তাদের অসামাজিক কাজের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটায় বলে জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি কর্মী শেখ ফরিদ ভোলন বলেন, হামলার ঘটনার সাথে আমাদের কোনো যোগসূত্র নেই। তাদের নিজেদের দ্বন্দ্বে মারামারি করে আমাদের অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে।

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, আহতরা যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। 
 
এদিকে হামলার ঘটনায় রবিবার সকালে আহত খোকনের ভাই আবুল কাশেম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বলেন, লিখিত অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত