আবু সাঈদের মা

রাজনৈতিক দলকে আমার ছেলের ঋণ শোধ করতে হবে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

আবু সাঈদের রক্তের ঋণ শোধ করতে হবে এমন আশাবাদ ব্যক্ত করে নতুন রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করেছেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। গতকাল রবিবার বিকেলে আবু সাঈদের বাড়িতে দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপকালে এ অনুরোধ করে তিনি বলেন, ‘আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। সে দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছে। আমার আবু সাঈদকে যেন কেউ ভুলে না যান।’

নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সাঈদের মা বলেন, ‘আবু সাঈদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। তাই আবু সাঈদের রক্তকে ভুলে গেলে চলবে না। তার রক্তের ঋণ শোধ করতে হবে। সে শুধু আমার সন্তান নয়। তার মতো যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছে, সবাই আমার সন্তান। সবার রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাই আবু সাঈদের মতো সবারই রক্তের মূল্য দিতে হবে। সবার মধ্যে যেন আবু সাঈদ বেঁচে থাকে। সবাই যেন তাকে আজীবন স্মরণ করে।’

সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ রেখে আবু সাঈদের মা আরও বলেন, ‘আমার ছেলে যেমন দেশকে ভালোবেসেছে, তেমনি সব রাজনৈতিক দলের নেতারা যেন দেশকে ভালোবাসেন। নতুন করে যেন স্বৈরাচারী কেউ না করে। নতুন করে যেন জন্ম না হয় স্বৈরাচারের।’

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমার ছেলের স্মৃতি বহন করতে হবে সব রাজনৈতিক দলকে। আবু সাঈদের দেশপ্রেমের প্রতি নতুন রাজনৈতিক দলকে দেশপ্রেমী হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত