নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একছাত্র আহত হয়েছে।

গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের ত্রিমোহনী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই স্কুলছাত্র হলো- নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকার দিয়ার কাজিপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে সান শেখ (১৭) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাফাত শেখ (১৪)।

একই ঘটনায় আহত হয়েছে রাহি শেখ (১৪)। সে বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মোটরসাইকেলে তিন বন্ধু ব্যাডমিন্টন খেলতে বের হয়। তারা নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেওয়ার পথে সাফাত নামে আরেকজন  মারা যায়।

ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহত ২ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত