রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ষষ্ঠদিনের মত ৪ ঘণ্টা বিক্ষোভ করেছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলে।
বিক্ষোভ চলাকালে ঢাকা-পাবনা ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মধ্যে সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবহন আটকা পড়ে। দীর্ঘ চারঘণ্টা যানজটে আটকা থাকার কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রংধনু মডেল স্কুলসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে এ আন্দোলনে অংশ নেন। ফলে আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে।
এ ছাড়া এ আন্দোলনের কারণে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাঘাবাড়ি থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে রাসায়নিক সার ও জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে।
ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকা সারবাহী ট্রাকের ড্রাইভার রহমত আলী, আব্দুল কাদের রমজান আলী, হেলপার জসিম উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ছাত্রদের এ আন্দোলনের কারণে বাঘাবাড়ি থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে রাসায়নিক সার ও জ্বালানি তেল সরবরাহ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আসন্ন সেচ মৌসুমের জন্য উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে সার মজুদের কাজ সঠিক সময়ে সম্পন্ন করা সম্ভব হবে না।
ফলে সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে আসন্ন ইরি-বোরোর আবাদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের সমস্যা সমাধান করে এ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে।
এ আন্দোলন চলাকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গত ৮ বছরেও বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণ করা হয়নি। ফলে ক্লাস ও প্রশাসনিক কাজ চলছে বিভিন্ন ভাড়া ভবনে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস না থাকায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অধ্যায়ন ব্যাহত হচ্ছে। এর আগের ২ জন ভিসি নানা জটিলতায় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে শিক্ষার্থীদের আবাসন সংকটসহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে। এ থেকে তারা পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণের জোর দাবি জানান তারা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এরপর ৮ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে শিক্ষার্থীরা ফুসে উঠেছে। বিষয়টি মন্ত্রণালয়সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই অচলাবস্থা কাটছে না।
নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন