ভারত

লাড্ডু বিতরণের সময় মঞ্চ ভেঙে নিহত ৬, আহত ৫০

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

ভারতের উত্তরপ্রদেশে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ভাঙা মঞ্চের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন। বাগপতের জৈন সম্প্রদায়ের এই অনুষ্ঠানে আহত হয়েছেন অন্তত আরও ৫০ জন।
 
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, যে সময় এই দুর্ঘটনা ঘটে তখন লাড্ডু বিতরণ করা হচ্ছিল। এমন সময় হুড়োহুড়ি পড়ে গেলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এদিক-ওদিক পালাতে চেষ্টা করেন অনেকে। সেই সময়ই মঞ্চ ভিড়ের চাপে ভেঙে পড়ে। 

বাগপতের জেলা প্রশাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছিল। তবে মাত্রাতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে পারেনি সেটি। তাই এমন দুর্ঘটনা। ইতোমধ্যে যাদের উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙা মঞ্চের নিচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রতি বছরই বাগপতে জৈনদের এই অনুষ্ঠান হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও তাই এসেছিলেন। তবে অন্যবারের তুলনায় এবার একটু বেশি ভিড় হওয়ায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত