ব্যাংকক সম্মেলনে মুসলিম নেতাদের ঐক্যের আহ্বান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ এএম

সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস’-এর ‘খাইর উম্মাহ’ সম্মেলন। এই সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা চরমপন্থার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামি স্কলারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে থাইল্যান্ডে অনুষ্ঠিত এই সম্মেলনে মুসলিম নেতারা মহান আল্লাহর ইবাদত এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তারা মুসলমানদের মধ্যপন্থা অবলম্বনের পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সম্মেলনে বক্তারা চরমপন্থা প্রতিরোধ, ধর্মীয় অপব্যাখ্যা দূরীকরণ এবং স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর অপতৎপরতা প্রতিহত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের পথ অনুসরণ এবং ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপরও জোর দেন।

সম্মেলনের আলোচনায় আধুনিক মিডিয়া ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা প্রচার, গবেষণার মাধ্যমে ভুল তথ্যের সংশোধন এবং যুবসমাজের মধ্যে ইসলামি মূল্যবোধ ও সহনশীলতার চর্চা জোরদার করার জন্য বিশেষ কর্মসূচি প্রণয়নের আহ্বান জানানো হয়।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আলে শায়েখ বলেন, ‘এই আয়োজন ইসলামি ঐক্য গড়ার ক্ষেত্রে সহায়তা করবে। বর্তমান বিশ্বে বিদ্যমান নানা বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি স্কলারদের গুরুদায়িত্ব রয়েছে। এই পরিস্থিতিতে তাদের উচিত ফেতনার বিরুদ্ধে ইসলামের সঠিক অবস্থান স্পষ্ট করা এবং ইসলামের মৌলিক নীতিমালা বর্ণনা করা।’

সম্মেলনে একাধিক ইসলামি স্কলারের গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যা ইসলামি নেতৃত্ব ও ইসলামি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের পাশাপাশি মুসলিম সভ্যতার উন্নয়ন সাধনের প্রতি গুরুত্বারোপ করে। সমাপনী বক্তব্যে নেতারা ইসলামের সহনশীলতা ও শান্তিপূর্ণ বার্তা প্রচারের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তারা চরমপন্থা ও ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।  সৌদি প্রেস এজেন্সি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত