তারেক রহমান বললেন

জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের পরিণতি হবে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:১০ এএম

বিএনপি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ৫ আগস্টের মতো হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে সাতক্ষীরায় ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় যোগ দেন। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তারেক রহমান বলেন, বিএনপি জনপ্রিয় কি না, সে সিদ্ধান্ত জনগণ নেবে। ফলে জনগণের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। কারও পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্যায় বা খারাপ কাজ করলে যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখবে না বিএনপি। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় নেতাকর্মীদের দাবির সঙ্গে একমত পোষণ করে জলাবদ্ধতা নিরসনে নাব্য ফিরিয়ে আনতে নদী খননের কাজ করবেন বলে জানান তিনি।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, সাবেক সংসদ সদস্য (এমপি) রেহানা আক্তার বানু, মাহবুবা হাবিবা, বজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সাতক্ষীরার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় সদস্য ডা. শহিদুল আলম, সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আবদুল আলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত