শুরু হয়েছে চলতি বছরের হজের প্রস্তুতি। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে রয়েছে সৌদি সরকারের নির্দেশনা। উল্লেখিত তারিখের পর হজের কার্যক্রম সম্পন্ন করতে আর সময় দেওয়া হবে না মর্মে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।
সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি মালিকরা এখনো হজ কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ না করায় সংশয় দেখা দিয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায়।
এদিকে পবিত্র হজ পালনে প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। চলছে মক্কা-মদিনা মিনা মুজদালিফার সৌন্দর্য বর্ধনের কাজ।
সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মক্কা-মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।
মদিনায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আফতাব বলেন, ‘হজ একটি দ্বিরাষ্ট্রীয় বিষয়। বাংলাদেশ এবং মুসলিম দেশসমূহের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় হজ পরিচালিত হয়, তবে হোস্ট কান্ট্রি হিসেবে নীতি নির্ধারণ ও সার্বিক বিষয় সমন্বয়ের ক্ষেত্রে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে।’
তিনি সরকারি-বেসরকারি সবাইকে সুষ্ঠু হজ্জ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম সময়ে হজের প্রস্তুতি গ্রহণ করায় ইতোমধ্যে সৌদি সরকার কর্তৃক প্রশংসিত হয়েছে বাংলাদেশ। এ ধারাকে অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে হজ এজেন্সি মালিকদের হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে মক্কায় আগত বেসরকারি হজ এজেন্সির কয়েকজন মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি সরকার আমাদের ১৪ ফেব্রুয়ারির মধ্যে মক্কা মদিনায় বাড়ি ভাড়া, মিনায় তাবু, হজ যাত্রীদের পরিবহনসহ হজের যাবতীয় কার্যক্রম করতে বলেছেন। অন্যদিকে, আমাদের নেতারা ব্যস্ত রয়েছেন নির্বাচন নিয়ে যা এই মুহূর্তে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়।
এসব এজেন্সি নেতারা বর্তমান অন্তর্বর্তী সরকারের হজ ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন না বলে মনে করেন তারা।
উল্লেখ, আগামী ২২ ফেব্রুয়ারি হজ এজেন্সিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)-এর নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ছাড়ে পণ্য কেনার হিড়িক
শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্যের প্রতিবাদ ছাত্রদলের
৪১ পদের অধিকাংশেই থাকছে একক প্রার্থী