সিরিয়া সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তিনি দামেস্কে পৌঁছান, যা আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সিরিয়া সফর। তিনি এমন সময় এই সফর করছেন যখন আহমেদ আল-শারাকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।
দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা কাতারের আমিরকে স্বাগত জানাতে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সফরের আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তার দেশ নতুন সিরীয় প্রশাসনের সঙ্গে মাঠপর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব এবং সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টা।
আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমির সঙ্গে সংযুক্ত বাফার জোনে হামলা চালিয়েছে। তারা অঞ্চলটির শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে এবং সিরিয়ার মাউন্ট হারমনের অংশে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে।
তবে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী দিনে সিরিয়া-কাতার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাবে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বিরোধীদের সমর্থন দেয় কাতার। পরে সরকারবিরোধী আন্দোলন দমন করতে আসাদ যখন নির্মম শক্তি প্রয়োগ করেন, তখন দেশটি সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও ২০২৩ সালে আরব লীগ আসাদকে পুনরায় স্বাগত জানায়।
সিরিয়ায় আসাদের বাথ পার্টি বিলুপ্ত, সংবিধান স্থগিত
পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি