গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ডাকাতদল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকার সিরাজুল হকের বাড়িতে বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়ির দুটি দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে ওই বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি তাদের হাত-পা বেধে ফেলে রাখে ডাকাতদল। এ সময় তারা স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। একপর্যায়ে তাদের আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা করলে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ সময় সুযোগ বুঝে ডাকাত সদস্যরা তাদের ব্যবহৃত একটি পিকআপভ্যানে উঠে দ্রুত পালিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে ওই বাড়ির পাশে রাস্তায় বিস্ফোরিত ককটেলের খোসা ও তিনটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোনো কম্প্রোমাইজ নয়, নির্বাচন হতে হবে: তারেক রহমান
বাংলাদেশসহ ৩ দেশে বৈদেশিক সহায়তা কমাচ্ছে সুইজারল্যান্ড