ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে পুলিশে দিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ পুলিশ।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের পাটবাজার পুকুর সংলগ্ন একটি আস্তানা ঘেরাও করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে ২ মাদক কারবারিকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা। গ্রেপ্তাররা হলেন ওই এলাকার সন্তোষ রামের ছেলে রাজা রাম (৩৭), রাম প্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় (৪৭)।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এএকে এম হারুন-অর-রশিদ বলেন, দীর্ঘদিন ধরে রাজারাম ও মতিলাল পৌর এলাকার পাটবাজারে মাদকের ব্যবসা করে আসছিল। আমাদের যুবসমাজ মাদকাসক্তির কবলে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। আমাদের মাদকবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ