বিকল্প না পেলে রুশ গ্যাসে নিষেধাজ্ঞা দেবে না ইইউ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় গত বছর জুনে রুশ এলএনজিবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে রাশিয়ার বিরুদ্ধে জোটটির ঘোষিত সর্বশেষ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। ইইউ কূটনীতিবিদরা জানিয়েছেন, বিকল্প সরবরাহকারী নিশ্চিত করার আগপর্যন্ত রুশ এলএনজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করতে চায়। ইইউ সূত্র জানিয়েছে, প্রচণ্ড শীত, গ্যাস মজুদের ঘাটতি এবং ২৩ ফেব্রুয়ারির জার্মানির নির্বাচনের সময়সীমা এ প্রস্তাবের সম্ভাবনা আরও কমিয়ে দিয়েছে। ইইউভুক্ত কিছু রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেও, কয়েকটি সদস্য দেশের বিরোধিতার কারণে কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি কমিশন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইইউ কূটনীতিবিদ রয়টার্সকে জানিয়েছেন, কমিশন বিষয়টি নিয়ে আলোচনা চালিয়েছিল পরিস্থিতি বোঝার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত