অবৈধ সম্পদ অর্জন

খুলনার সাবেক এমপি মিজানের ৮ বছরের কারাদন্ড

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে আট বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশন আইনের, ২০০৪-এর ২৬ (২) ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দুদক আইনের ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদন্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। সে ক্ষেত্রে তার সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। এ ছাড়া জ্ঞাত-আয়বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৯৮৯ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার মো. মেহেদী হাসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৩ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৩০ জানুয়ারি তারিখ ধার্য করে। মিজানুর রহমান মিজান জামিনে ছিলেন। তবে ২৩ জানুয়ারি আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এদিন রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত