আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে এমনটা হবে না। বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে প্রতিবন্ধী রিকশাচালককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘জুলাই বিপ্লবে নিহত-আহতরা বিচার চায়। আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী-শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছেন হদিস নেই। গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী।’
রিজভী বলেন, ‘ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তা-ব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইনের লোক। সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত।’
শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রসঙ্গে রিজভী বলেন, ‘কোনো প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে পূর্বাচলে নিজের সন্তান এবং আত্মীয়স্বজনের প্লট বরাদ্দ দিয়েছেন।’
