সাম্প্রদায়িক সহিংসতাকে ‘রাজনৈতিক ট্যাগ’ দিয়ে অস্বীকার করা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা বলেছেন, এতে করে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পেয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতা ও বৈষম্যের চালচিত্র উপস্থাপন করে ঐক্য পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কমুার নাথ লিখিত বক্তব্যে গত বছরের ২১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১৭৪টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা তুলে ধরেন। এর মধ্যে এমনও সহিংসতার ঘটনা রয়েছে যেখানে একই ঘটনায় একাধিক পরিবার আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাম্প্রদায়িক ঘটনা তুলে ধরে বলা হয়, ওই সময়ের মধ্যে ২৩টি হত্যা, নারী নির্যাতন/ধর্ষণ/গণধর্ষণ ৯টি, উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৬৪টি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ১৫টি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৩৮টি ঘটনা রয়েছে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিপংকর ঘোষের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সভাপতিত্রয় অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।
