সারা দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এর মধ্যে শুধু রংপুরেই মারা গেছেন পাঁচজন। তাছাড়া ময়মনসিংহ ও কুষ্টিয়ায় দুজন করে মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার ছুটির দিনে এসব ঘটনা ঘটে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।
রংপুর : জেলায় আলাদা তিন সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে পাভেল এক্সপ্রেসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত, দুজন আহত হন। সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত আসলাম খান (৪৫) সাতক্ষীরার কালীগঞ্জের সামাদ খানের ছেলে। রংপুর-বদরগঞ্জ রোডের লাহিড়ীরহাট বাজার সংলগ্ন ইটভাটার কাছে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত মাসুদ মিয়া (৪৫) গংগাচড়া উপজেলার নবনিদাস চাঁদনিপাড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর থানা ওসি অলিভ মাহামুদ।
চাঁদপুর : সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় গতকাল দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ চাপায় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টাঙ্গাইল : জেলার কালিহাতীতে গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি এলাকায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত রাকিব মোল্ল্যা (২৮) বরিশালের লাকুটিয়া এলাকার রুহুল আমীন মোল্ল্যার ছেলে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া : জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
কুষ্টিয়া : জেলার মিরপুর উপজেলার ঘোড়ামারা এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম তানিয়া খাতুন (৩২)। কুষ্টিয়া-হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিগাতলা এলাকায় গতকাল দুপুরে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন-নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গোপালগঞ্জ : সদর উপজেলার সোনাসুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপরজন মারাত্মক আহত হয়েছেন। নিহত অর্ঘ্য অমৃত ম-ল (২৬) পেশায় একজন চিকিৎসক ছিলেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।
নরসিংদী : জেলার বেলাবো উপজেলার শেখেরবাজার-আগরপুর সড়কের চক চৌরাস্তা মোড়ে গতকাল সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন (৪০) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারের কারারক্ষী ছিলেন। বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
