রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বরকত হোসেন রোমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান। তিনি বলেন, আসামি বরকত হোসেন রোমান ও ভুক্তভোগী নারী পূর্বপরিচিত। ঘটনার দিন আসামি ওই নারীকে পিসি কালচার হাউজিং এলাকা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিরপুর এলাকায় তার এক বন্ধুর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে তার বাবা মেয়েকে একটি হাসপাতালে নিয়ে যান। পরে ওই নারীর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় আসামি রোমান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এক বছর হাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।
