১৭ দিনেও অচেতন কিশোরের খোঁজ নেয়নি কেউ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

গাইবান্ধা জেনারেল হাসপাতালের বিছানায় ১৭ দিন ধরে অচেতন অবস্থায় পড়ে আছে অজ্ঞাতপরিচয় এক কিশোর। গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশন এলাকায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই কিশোর গুরুতর আহত হয়। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীসহ রেলওয়ে পুলিশ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সহায়তায় ওই কিশোরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৩৫ নম্বর বিছানায় চিকিৎসাধীন ওই কিশোরের কোনো স্বজন এতদিনে আসেনি। তবে তার পাশে আছে  জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সিএফএইচ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, নারী ও শিশুকল্যাণ সংস্থাসহ বিভিন্ন মানুষ। তাদের প্রচেষ্টায় গতকাল শুক্রবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসাসেবা দেন।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তির পর অচেতন এই কিশোর মাথায় গুরুতর আঘাতের কারণে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও প্রয়োজন। 

গাইবান্ধা জেনারেল হাসপাতাল রোডের হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাক আহমেদ মাছুম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাতপরিচয় এই কিশোরের বিষয়ে জানতে পাই। মানবিক দিক বিবেচনা করে সিটি স্ক্যান মেশিনটি সচল করে তার পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করে দেওয়া হয়। বগুড়া শজিমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হক বলেন, অজ্ঞাতপরিচয় ওই কিশোরের মাথায় রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত