ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির পর লিবিয়ার ব্রেগা উপকূলে ভেসে আসা বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২০ বাংলাদেশির মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ২০ জন বাংলাদেশি মারা গেছেন। তবে আমরা এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নই। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে একটি নৌকা ইতালির উদ্দেশে রওনা দেয়। ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে মরদেহ ভেসে আসে লিবিয়ার ব্রেগা উপকূলে। ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্র্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। এ ছাড়া উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্র্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।
এ প্রেক্ষাপটে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যেকোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ-সংক্রান্ত তথ্য জানাতে ফেসবুক অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে : +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭।
নৌকাডুবির ঘটনায় মৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে একটি দল ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
