জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৪ হাজার ৯৭ কোটি টাকা ও বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে ৭ হাজার ৩২৯ কোটি টাকা। বাকি ১ হাজার ১০৬ কোটি টাকা দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।
গতকাল রবিবার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন; নৌপরিবহন মন্ত্রণালয়ের মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন; কৃষি মন্ত্রণালয়ের ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন (৩য় পর্যায়) এবং বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থার আধুনিক করা ও উন্নয়ন (২য় পর্যায়); খাদ্য মন্ত্রণালয়ের ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন; হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ; সিলেট-১২ নম্বর কূপ খনন (তেল কূপ); ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ারিং (৩য় সংশোধিত); বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উন্নয়ন, চট্টগ্রাম জোন (২য় পর্যায়) (২য় সংশোধিত); প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশনসহ ১৩ প্রকল্প।
