গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত বাবার মারধরে মাহিদুল ইসলাম নামে ৪ বছরের এক শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এ ঘটনায় শিশুটির মাদকাসক্ত বাবা রুবেলকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিন রাজনগর এলাকার মাদকাসক্ত রুবেলের অত্যাচার সইতে না পেরে তার স্ত্রী মর্জিনা বাবার বাড়ি চলে যান। গত শনিবার সকাল ১০টার দিকে ছেলে মাহিদুলকে একা পেয়ে রুবেল হাতে ও পায়ে বেধে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারতে থাকে। এসময় চিৎকার শুনে বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে আসলে রুবেল অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় রুবেল তাদের বলে— ‘আমার ছেলেকে আমি মেরে ফেলব তাতে তদের কি, আমার যা খুশি তাই করব তরা কারা’।
একপর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে রুবেলকে ধরে ঘরের ভেতর আটকে রেখে শিশু মাহিদুল ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় শিশুর চাচা ইকবাল বাদী হয়ে মামলা করেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। তার পিঠ ও দুই পা লাল হয়ে ফুলে উঠেছে। এছাড়া তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, শিশুর চাচা ইকবালের অভিযোগের ভিত্তিতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
