তিন দেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে ভুক্তভোগী হবে মার্কিনিরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ পিএম

দুই প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ওই তিন দেশ। এ অবস্থায় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে দেশগুলোর ওপর আরোপিত ব্যাপক শুল্ক যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্যও স্বল্পমেয়াদি যন্ত্রণার কারণ হতে পারে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ শুরু হবে আশঙ্কায় বিশ্বব্যাপী শেয়ার বাজার ভেঙে পড়েছে।

ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা নিয়ে তিন দেশের নেতার সঙ্গে সোমবার আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে সেই আলোচনা থেকে শুল্ক আরোপে নিজের অবস্থান পরিবর্তন করবে না বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, আমি নাটকীয় কিছু আশা করি না। তাদের কাছে আমাদের অনেক টাকা পাওনা রয়েছে। এবং আমি নিশ্চিত যে তারা তা পরিশোধ করবে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্কও কার্যকর হবে। তবে কখন থেকে তা কার্যকর হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

শনিবার একটি নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রোধ করতে কানাডা ও মেক্সিকো থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। খবর বিবিসির। এ ছাড়া, চীন থেকেও আসা পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যতক্ষণ পর্যন্ত দেশটি ফেন্টানিল পাচার বন্ধ না করে। ট্রাম্প এর মধ্যেই ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু গাড়ির আমদানির উপর ২০০ শতাংশ কর আরোপের পরিকল্পনাও করেছেন। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার একটি কেন্দ্রীয় অংশ। এটিকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং রাজস্ব বাড়ানোর একটি উপায় হিসেবে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত