সাংবাদিক শিমুল হত্যা

৮ বছরেও বিচার শুরু না হওয়ায় পরিবারে হতাশা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও নানা ষড়যন্ত্রে এখনো বিচারকাজ শুরু হয়নি। এতে হতাশ হয়ে পড়েছে শিমুলের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন। গতকাল সোমবার সকালে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্যের শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম এমনই হতাশা প্রকাশ করেন।

শাহজাদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক রাসেল সরকার, আল আমিন হোসেন, বিমল কু-ু, আবুল কাশেম, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ  প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এম এ জাফর লিটন। মানববন্ধন ছাড়াও এদিন কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যার ৮ বছর পার হলেও এখনো মামলার বিচার কাজ শুরু হয়নি। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা  হালিমুল হক মিরুর গ্রুপের সঙ্গে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদ গ্রুপের সংঘর্ষকালে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত