নতুন চুক্তির পর সান্তোসে ফিরেছেন নেইমার, তবে অনুশীলনে তার যাতায়াতই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ব্রাজিলের মানগারাতিবার বিলাসবহুল বাড়ি থেকে সান্তোসের প্রশিক্ষণ মাঠে নিজস্ব হেলিকপ্টারে উড়ে আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
কিন্তু প্রতিদিন এভাবে যাতায়াত? সেটি যে বেশ ব্যয়বহুল, তা বলার অপেক্ষা রাখে না। ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নেইমারের একদিনের হেলিকপ্টার যাতায়াতে খরচ হয় প্রায় ৭ হাজার রিয়াল (১ লাখ ৪৪ হাজার টাকা)!
১০৩ কোটি টাকা দামের হেলিকপ্টারটি নেইমার কিনেছিলেন ২০১৯ সালে। হেলিকপ্টারটির মডেল এয়ারবাস BK 117 D-2। এটি ৮ জন যাত্রী ও ২ জন পাইলট বহনে সক্ষম এবং প্রতিকূল আবহাওয়াতেও উড়তে পারে।
মানগারাতিবা থেকে সান্তোস পর্যন্ত এক ঘণ্টার আকাশ পথ। প্রতি ট্রিপে ২৪০ থেকে ৩৫০ লিটার জ্বালানি খরচ। প্রতি লিটারের দাম ৮ থেকে ১০ রিয়াল, বাংলাদেশি টাকায় ১৬৫ থেকে ২০৬ টাকায়। একদিকে যেতে খরচ ২,৪০০ থেকে ৩,৫০০ রিয়াল। ফিরতি ট্রিপসহ দিনে খরচ ৭ হাজার রিয়াল। এর পাশাপাশি নেইমারকে দিতে হবে পাইলট, ক্রু ও রক্ষণাবেক্ষণের খরচ। বছরে কেবল রক্ষণাবেক্ষণ বাবদই খরচ হয় ৪ থেকে ৫ লাখ ডলার (৬ কোটি ৯ লাখ টাকা)!
স্থায়ীভাবে সান্তোসে বসবাসের পরিকল্পনা
নেইমার অবশ্য প্রতিদিন হেলিকপ্টারে যাতায়াতের ঝামেলা কমাতে সান্তোসের মরো দে সান্তা তেরেজিনহায় একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে, তিনি আগামী সপ্তাহে বাবা-মাকে নিয়ে সেখানে উঠবেন।
এদিকে, নেইমারের স্ত্রী ব্রুনা বিআনকার্দি এবং তাদের কন্যা মাভি মানগারাতিবায়ই থাকবেন। সেখানে নেইমারের দুটি বিশাল সম্পত্তি আছে, যার একটি ২ কোটি ৮০ লাখ রিয়াল মূল্যের, যেখানে ৫০০ প্রাণীর বিশাল এক সাফারি রয়েছে!
ফিরতে চান ব্রাজিল দলে
সান্তোসের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন নেইমার। তবে চাইলে তিনি আরও এক বছর থাকতে পারেন।
এই ছয় মাসে নেইমারের লক্ষ্য বেশি বেশি ম্যাচ খেলা, যাতে জাতীয় দলের কোচ ডোরিভাল জুনিয়রের নজরে আসতে পারেন। মার্চে বিশ্বকাপ বাছাই সামনে রেখে ব্রাজিল দলে জায়গা ফিরে পাওয়াই এখন তার মূল লক্ষ্য।
সান্তোসে নেইমারের ফেরা যেমন আবেগঘন, তেমনি তার অনুশীলনে যোগ দেওয়ার এই বিলাসবহুল পদ্ধতিও দারুণ আলোচনার জন্ম দিয়েছে!
আমি কিছুতেই থামবো না, লড়াইয়ের শেষটা দেখতে চাই : সুমাইয়া
বদলে যাওয়া মানসিকতায় টি-টোয়েন্টিতে নতুন শুরু রুটের
পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের প্রথম নারী অপারেশন্স ম্যানেজার