বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলের অপারেশনস ম্যানেজার হিসেবে এবারই প্রথম কোনো নারীকে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। অপারেশনস ও নিরাপত্তা নিয়ে কাজ করা পাকিস্তান পুলিশের অভিজ্ঞ এ কর্মকর্তার নাম হিনা মুনাওয়ার। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান জাতীয় পুরুষ দলের সঙ্গে কাজ করবেন তিনি। এর আগে দেশটির অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী দলের স্কোয়াড ম্যানেজারের দায়িত্ব সামলেছেন হিনা।
সিভিল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তানের পুলিশের উচ্চপদে যোগ দেন হিনা। এরপর দেশটির বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে পাকিস্তানের সোয়াট বাহিনীর ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতেও দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে হিনার। পাকিস্তান পুলিশের কর্মকর্তা হওয়ায় তাকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি ডেপুটেশনে বোর্ডে এনেছেন। মূলত পুরুষ দলের সঙ্গে পিসিবির অভ্যন্তরীণ যোগাযোগ, ব্যবস্থাপনা ও দলের অপারেশনাল কাঠামো শক্তিশালী করার দায়িত্বে থাকবেন হিনা। আর দলের প্রধান ম্যানেজারের হিসেবে আছেন বর্ষীয়ান আমলা নাভিদ আকরাম চিমা।
