ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার ভোটে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবারের নির্বাচনে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস। একই জোটের শরিক হওয়া সত্ত্বেও এ ভোটে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। এবারের ভোট তাই শতাব্দীপ্রাচীন কংগ্রেসের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্র জয় নিশ্চিত করার জন্য একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৭ বছর ধরেই দিল্লির বিধানসভায় নিজেদের আধিপত্য হারিয়েছে বিজেপি। একসময় কংগ্রেসের হাতে ক্ষমতা হারানোর পর, আম আদমি পার্টির সঙ্গে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি দেশটির ক্ষমতাসীন দল। আপাতদৃষ্টিতে এ নির্বাচনেও আম আদমি পার্টি অল্প ব্যবধানে এগিয়ে রয়েছে।
