তারেক-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিলের আদেশ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ‘রাষ্ট্র বনাম আবদুস সালাম’ শীর্ষক এ মামলার ১১ পৃষ্টার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হয়। গত বছরের ৩১ অক্টোবর মামলা বাতিল প্রশ্নে দেওয়া রুল মঞ্জুর করে বিচারপতি এ কেএম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। আরও যে দুজনের বিষয়ে মামলা বাতিলের আদেশ হয় তারা হলেন, সাংবাদিক মাহাথির ফারুকী ও কনক সারওয়ার।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে। পরদিন তারেক রহমান ও আবদুস সালামের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় পুলিশ। অনুমতির পর তেজগাঁও থানায় ২০১৫ সালের ৮ জানুয়ারি এ মামলাটি হয়। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। সেখানে তারেক ও সালামের সঙ্গে একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারকে আসামি করা হয়। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলে এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। ২০১৭ সালে হাইকোর্ট এ মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে রুল ও বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি শেষে এ রায় হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত