খুলনা

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ পিএম

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ‘শেখ বাড়ি’। আজ বুধবার রাতে নগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর করে। পরে সিটি করপোরেশনের দুইটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়। এরপর বাড়ির মধ্যের গাড়ির গ্যারেজ মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

এসময় ছাত্র-জনতা স্লোগান দেয় ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ফ্যাসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না’।

গত ৫ আগস্ট শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার চাচা শেখ আবু নাসেরের শেরে বাংলা রোডের ২৩ নম্বর শেখ বাড়ি ব্যাপক ভাঙচুর ও দফায় দফায় আগুন দিয়ে ভষ্মিভূত করে। লুটপাট হয় বাড়ির সমস্ত কিছু। তারপর ধ্বংসস্তুপ হয়ে এতোদিন বাড়িটি কোনো রকম টিকে ছিল। আজ রাত সাড়ে ৯টার দিকে ছাত্র-জনতা নগরীর শেরে বাংলা রোডের ওই বাড়িতে পুনরায় ভাঙচুর শুরু করে। পরে সিটি করপোরেশনের দুটি বুলডোজার দিয়ে বাড়ির গেট ও দেওয়াল এবং বাড়ির মধ্যের গাড়ির গ্যারেজ গুড়িয়ে দেওয়া হয়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বুলডোজার দিয়ে মুল ভবন ভাঙা হচ্ছিল।

আজ বুধবার বিকেল থেকে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক পোস্টে শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও পোস্ট দেওয়া হয়। লাল প্রাচীরঘেরা নগরীর শেরে বাংলা রোডের দোতলা এই বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি।

এই বাড়ি থেকেই গডফাদারের মতো শেখ হেলালউদ্দিন, সেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও সেখ রুবেল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমস্ত রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। অনেকে এই বাড়িটিকে রাজবাড়ী বলেও উল্লেখ করতেন। শেখ হাসিনা ও শেখ রেহানা খুলনায় আসলে এই বাড়িতেই উঠতেন। ফলে নগরীর নির্যাতিত বহু মানুষের ক্ষোভ রয়েছে বাড়িটির প্রতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত