গাজীপুরে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ এএম

গাজীপুরে ঝুট নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডে চান্দপাড়া বাসন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পাঁচটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর ওই এলাকায় ম্যানেল ফ্যাশন নামে সাততলা একটি পোশাক কারখানায় ১৪ নম্বর ওয়ার্ডে যুবদলের সভাপতি মো. নাজমুল ইসলাম জুয়েল ও স্থানীয় বিএনপি নেতারা মিলে ঝুটের ব্যবসা করতেন। গতকাল দুপুরে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের অনুসারী ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান তার লোকজন নিয়ে ওই কারখানার ঝুটের ব্যবসা দখল নিতে আসেন। এতে উভয় পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে একদল শিক্ষার্থী। গতকাল দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ হয়।  এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘হাসিনাবিরোধী আন্দোলনে তানভীর সিরাজের কোনো ভূমিকা ছিল না। তিনি এখন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের নিজের বাসায় রেখে নিরাপত্তা দেন। তাই বিএনপির বৃহত্তর স্বার্থে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।’

এ বিষয়ে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, ‘আমি এ ঘটনায় সম্পৃক্ত নই। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খোঁজ নিয়ে দেখব।’

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না।

খবর পেয়ে গিয়ে দেখি ঝামেলা শেষ হয়ে গেছে।’

এ ব্যাপারে বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, ‘একটি কারখানার ঝুট বের করা নিয়ে দুপক্ষের ঝামেলার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়া চান্দনা চৌরাস্তা মোড়ে ছাত্ররা বিএনপি নেতা তানভীর সিরাজের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত