মা ও সৎ বাবার মারধরে শিশুর মৃত্যুর অভিযোগ, আটক ২

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

শরীয়তপুরের জাজিরায় মা ও সৎ বাবার বেধড়ক মারধরে আরিফা নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে শিশুটিকে মারধর করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা চাঁদনি আক্তার ও সৎ বাবা খোরশেদকে আটক করে পুলিশ। নিহত আরিফার বয়স এক বছর ৪ মাস। সে ঢাকার কেরানীগঞ্জ এলাকার আল-আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন চাঁদনি-আল আমিন দম্পতি। তাদের সংসারে তিন বছর ও এক বছর ৪ মাসের দুটি সন্তান। এলাকায় গৃহকর্মীর কাজ করতেন চাঁদনী। আর কাপড়ের কারখানায় কাজ করতেন খোরশেদ। এক বছর আগে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে।

ছয় মাস আগে ঢাকায় বিয়ে করেন চাঁদনি-খোরশেদ। পরে জাজিরার মিরাশার এলাকার ছোবাহান মোল্লার বাড়িতে রুম ভাড়া নেন চাঁদনি-খোরশেদ। সেখানে শিশু আরিফাকে নিয়ে থাকতেন তারা। এখানে আসার পর থেকে প্রতিনিয়ত আরিফাকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করত মা ও সৎ বাবা। বুধবার রাতেও শরীরের বিভিন্ন অংশে মারধর করা হয় আরিফাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আরিফা মারা যায়।

প্রতিবেশীরা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে মারধর করা হত। প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, শাসন করছি, খেতে চায় না তাই মারছি। বুধবার রাতেও শিশুটিকে মারধর করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত