শরীয়তপুরের জাজিরায় মা ও সৎ বাবার বেধড়ক মারধরে আরিফা নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার এলাকায় এ ঘটনা ঘটে। গত বুধবার রাতে শিশুটিকে বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা চাঁদনি আক্তার ও সৎ বাবা খোরশেদকে আটক করেছে পুলিশ। এক বছর ৪ মাসের শিশু আরিফা ঢাকা কেরানীগঞ্জ এলাকার আল-আমিনের মেয়ে বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন চাঁদনি-আল আমিন দম্পতি। দাম্পত্য জীবনে তাদের সাড়ে ৩ বছর ও এক বছর ৪ মাসের দুটি সন্তান। ওই এলাকায় গৃহকর্মীর কাজ করতেন চাঁদনী। আর কাপড়ের কারখানায় কাজ করতেন খোরশেদ নামে এক ব্যক্তি। এক বছর আগে চাঁদনি-খোরশেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ঢাকায় বিয়ে করেন চাঁদনি-খোরশেদ। পরে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার এলাকার ছোবাহান মোল্লার বাড়িতে রুম ভাড়া নেন চাঁদনি-খোরশেদ। সেখানে শিশু আরিফাকে নিয়ে থাকতেন তারা। এখানে আসার পর থেকে প্রতিনিয়ত আরিফাকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করতেন মা চাঁদনি ও সৎ বাবা খোরশেদ। বুধবার রাতেও শরীরের বিভিন্ন অংশে বেধরক প্রহার করে আরিফাকে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আরিফার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মম প্রহার করা হতো। প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, শাসন করছি, খেতে চায় না, তাই মারছি। বুধবার রাতেও শিশুটিকে বেধড়ক মারধর করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আর শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিল্পী নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী
প্লিজ, এবার শান্ত হোন: আজহারী