কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নাঙ্গলকোট স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া হত্যার এজহারভুক্ত আসামি আহসান উল্লাহর তোলা একটি সেলফি ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিল্লা এসপি অফিস কার্যালয়ে গিয়ে তোলা সেলফি ফেসবুকে আপলোড দেন আহসান। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে যান। সেখানে তাদের সঙ্গে ছিলেন উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আহসান। তার আপলোড করা সেলফি ভাইরাল হলে তিনি ছবিটি সরিয়ে নেন।
ভাইরাল ছবিতে দেখা যায়, আহসানের পরনে সাদা পাঞ্জাবি ও চোখে কালো চশমা। তার কিছুটা দূরে পুলিশ সুপার বসে ছিলেন। ছবিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিবসহ বেশ কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তিনি আহসান উল্লাহ হত্যা মামলার আসামি আমরা জানতাম না। ভবিষ্যতে সতর্ক থাকব।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁন বলেন, আমি তাকে চিনি না। নাঙ্গলকোটে হত্যা মামলার আসামি হলে তাকে গ্রেপ্তার করা হবে।
