বাফুফে সভাপতির হস্তক্ষেপেও মত বদলাননি নারী ফুটবলাররা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

বৃহস্পতিবার রাতে জাতীয় দলের ১৮ নারী ফুটবলারের সঙ্গে আলোচনায় বসে তাদেরকে অনুশীলনে ফেরার অনুরোধ জানিয়ে রাখেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে মেয়েরা আগের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। বরং তারা সভাপতিকে যা বলেছেন, তা নিয়ে নানান ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মেয়েদের কেউই এনিয়ে মুখ খুলতে চাইছেন না। তাদের বক্তব্য হলো- ‘যা বলার সভাপতিকে বলেছি। উনি এখন যা করার করবেন।’
উদ্ভুত পরিস্থিতি নিয়ে তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে-

প্রশ্ন: সভাপতি, বয়কট করা ১৮ জন সিনিয়র খেলোয়াড়ের বিষয়ে কবে নাগাদ কোনো সমাধান আশা করতে পারি?
তাবিথ আউয়াল: যেখানে ইচ্ছা আছে, সেখানে উপায় হয়। আমরা অবশ্যই শিগগিরই একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছাব।

প্রশ্ন: জানা গেছে, আপনি তাদের ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তারা যদি বয়কট চালিয়ে যান, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে?
তাবিথ: আমি বৃহস্পতিবার রাতে তাদের ব্যক্তিগতভাবে এবং আলাদাভাবে সাক্ষাৎ করেছি। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব, কারণ ফুটবল পরিবারে আমরা সবাই একে অপরের প্রতি দায়বদ্ধ এবং একে অপরের উপর নির্ভরশীল।

প্রশ্ন: গণমাধ্যমে মন্তব্যের জন্য কোচের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি?
তাবিথ: আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আমাদের আলোচনা গোপন রাখব। তবে, আমরা প্রশ্নকারীদের এবং যারা মতামত দেন, তাদের প্রতি অনুরোধ জানাই যেন তারা সর্বোচ্চ দায়িত্বশীলতা বজায় রাখেন।

প্রশ্ন: এই ১৮ জন খেলোয়াড়কে কি সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য বিবেচনা করা হবে?
তাবিথ: আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে দল ঘোষণা করতে হবে। যে কেউ তখন ফিট এবং ইচ্ছুক থাকলে তাকে বিবেচনা করা হবে।

প্রশ্ন: দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ফুটবলার ও কোচরা যেন একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠছেন। সবাই আপনার দিকেই তাকিয়ে আছে এই সমস্যার সমাধানের জন্য। উভয় পক্ষের কথা শোনার পর এবং তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করার পর, আপনি এই বিষয়ে কী ভাবছেন? আপনার সঙ্গে বৈঠকের পরও ১৮ জন ফুটবলার এখনো অনুশীলনে যোগ দেননি। এই সিদ্ধান্ত কি আপনাকে বিস্মিত করেছে?
তাবিথ: আমি এখনো মনে করি না যে কোচ এবং খেলোয়াড়রা পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠছেন। বরং, আমি মনে করি সবাই প্রতিটি পরিস্থিতিতে আরও প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করছে। এখনই প্রতিক্রিয়া জানানোর মতো সময় আসেনি যে ১৮ জন খেলোয়াড় এখনো অনুশীলন শুরু করেননি। আমি এখনো একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।

প্রশ্ন: আপনি কি মনে করেন নারী উইংয়ের কোনো ঘাটতি রয়েছে? যদি তারা আগে থেকেই উদ্যোগ নিত, তাহলে কি সমস্যা এত দূর গড়াত না?
তাবিথ: না, আমি মনে করি না যে নারী উইংয়ের কোনো ঘাটতি ছিল। কোচদের এই সিদ্ধান্তগুলো নির্বাহী কমিটি সব চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে নিয়েছে। আর খেলোয়াড়দের সিদ্ধান্তও ৫০ জন নারী ফুটবলারকে নিয়ে কাজ করার ধারাবাহিক প্রক্রিয়ারই একটি অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত