৪ দিন পর নদীতে ভেসে উঠল ভাই বোনের মরদেহ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের চার দিন পর দুই ভাই-বোনের মরদেহ ভেসে উঠেছে। গতকাল শনিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন এবং সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় ভাঙারি ব্যবসায়ী লিটন মাতুব্বরের সন্তান। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে মাদ্রাসা থেকে এসেই পাশের কুমার নদে গোসলে যায় দুই ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত সন্ধান না পেয়ে অভিযান বন্ধ রাখা হয়। পরে গতকাল শনিবার সকালে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত