কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারও দিনেদুপুরে নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নৌকার যাত্রী ও গরু ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ব্যবসায়ীদের।
রবিবার (৯ ফেব্রুযারি) দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নৌকার মাঝি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজিবপুর থেকে ছেড়ে আসা একটি নৌকায় গরু ব্যবসায়ীরা গরু নিয়ে কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে আসলে ডাকাতরা তাদের ওপর হামলা করে। পরে তারা কড়াইবরিশাল খেয়াঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৌকায় সাঁতরে উঠলে ডাকাতরা সেখানে আক্রমণ করে।
নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, খেয়াঘাটের কাছাকাছি গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। তাদের নৌকায় ডাকাতি করতে এসে আমার নৌকাতেও হানা দেয়। এ সময় ডাকাতরা কয়েক লাখ টাকা কেড়ে নেয়।
চিলমারী থানার ওসি মোশাহেদ খান জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। টাকা লুট হওয়ার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
