শ্বশুরের কুলখানিতে না যাওয়ায় জামাতার বাড়িতে ভাঙচুর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ এএম

পটুয়াখালীর বাউফলে শ্বশুরের কুলখানিতে না যাওয়ায় জামাতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বউয়ের বড় ভাইয়ের নেতৃত্বে ১০-১২ জন এ হামলা চালান। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার পারভেজ মাতব্বরের শ্বশুর মানিক রাঢ়ী মারা যান। গতকাল তার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া, মিলাদ ও খাবারের আয়োজন করা হয়। এ উপলক্ষে সম্বন্ধী সাকিল রাঢ়ী তার ভগ্নিপতিকে দাওয়াত দেন। কিন্তু কুলখানি অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে সম্বন্ধী সাকিলের নেতৃত্বে ১০-১২ জন ভগ্নিপতি পারেভেজ মাতব্বরের বসতঘরে হামলা চালিয়ে দরজা-কপাটসহ আসবাবপত্র,

থালাবাটি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

পারভেজ মাতব্বর অভিযোগ করেন, ‘স্ত্রী মীম আক্তারের সঙ্গে মনোমালিন্য চলায় সে বাবার বাড়ি চলে যায়। এ কারণে অভিমান করে তিনি শ্বশুরের কুলখানি অনুষ্ঠানে যাননি। এ কারণে তার সম্বন্ধী সাকিল রাঢ়ীর নেতৃত্বে বেশ কয়েকজন লোক তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাকেসহ তার মা ও বোনকে মারধর করেন তারা।’

অভিযোগ অস্বীকার করে সাকিল রাঢ়ী বলেন, ‘বাবার কুলখানি অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলে ভগ্নিপতি আমাকে মারধর করে আটকে রাখে। এরপর নিজেই তার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত