দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় মানিকগঞ্জের সিংগাইরে এক ইউপি সদস্যসহ ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের পৃথক মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার এসআই আবদুল মুত্তালিব। এর আগে রবিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী সাভার ও সিংগাইর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন- উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও রামচন্দ্রপুর ধাইরা পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রিয়াজ (৩৭), আলিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০), বকচর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), রাজনগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৯), চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুর রহমান শিবলু (৪৬), চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের মৃত ফরমানের ছেলে দেওয়ান মজনু (৫৪) ও ধল্লা ইউনিয়নের ধল্লা-মধ্যপাড়া গ্রামের মৃত হাজী বিল্লালের ছেলে আব্দুস সামাদ (৫০)।
গ্রেপ্তাররা প্রত্যেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে মজনুকে প্যারামাউন্ট মার্কেটের সামনে কলেজ ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা এবং বাকি ৬ জনকে ধল্লা পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে সোমবার দুপুরে প্রিজন ভ্যানে গ্রেপ্তারদের কোর্টে পাঠানোর সময় সিংগাইর থানা চত্বর ও আশপাশের এলাকায় স্বজনদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তাদের পরিবারের দাবি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন হয়রানি বন্ধের জোর দাবিও জানান তারা।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেন।
ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি