আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দেশ জুড়ে চলা যৌথ বাহিনীর বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় (গত রবিবার বিকেল থেকে গতকাল সোমবার বিকেল) তাদের আটক করা হয়। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই বিশেষ অভিযানে এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১টি গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
চলমান অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল সবাই ধরা পড়বে। ছোট শয়তান থেকে বড় শয়তান সবাই ধরা পড়বে। কেউ ছাড় পাবে না।
গাজীপুরে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরদিন থেকেই শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের মারধর করা হয়।
এ ঘটনার পরদিন শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।
এই অভিযানের প্রথম দিনে গত রবিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই ছাত্র-জনতার অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য। অভিযানের দ্বিতীয় দিনেও আটকদের অধিকাংশ একই দলের অনুসারী।
নিরপরাধরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব : অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাননি। অপারেশন ততদিন চলবে, যতদিন দেশ ডেভিলমুক্ত না হবে। তবে, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রাজশাহীতে চলমান বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরে সাবেক এমপি চয়নসহ গ্রেপ্তার ১০০ : চলমান বিশেষ অভিযানের মুখে গাজীপুরে দিশাহারা হয়ে পড়েছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নগরীর প্রায় সব নেতাকর্মীই রয়েছেন আত্মগোপনে। সন্ধ্যা নামলেই নেতাকর্মীরা কে কোথায় পালিয়ে আত্মগোপনে থাকবেন, তা নিয়ে চলে তৎপরতা। খোঁজ নেন একে অন্যের। সেই সঙ্গে পালিয়ে থাকা স্বজনের জন্য উৎকণ্ঠায় থাকে তাদের পরিবার।
গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে এক সাবেক এমপিসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে জেলা ও মহানগর পুলিশ। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বাগেরহাট জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার : বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী সরদার ফকরুল আলম সাহেবকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার : নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনÑ শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান (৪৫) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন হোসেন (২৫)।
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা কুট্টি খান (৩০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে গ্রেপ্তার ৩ : পটুয়াখালীর দুমকিতে গ্রেপ্তার করা হয়েছে শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক সেনাসদস্য সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৫), আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৫) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মশিউর রহমান বাবুকে (২৪)।
অন্যদিকে জেলার বাউফলে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার : খুলনায় ইনসান শরীফ (২৯) নামে একজনকে গত রবিবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে : বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় আল আমিন সরকার (২৭) নামে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে আ.লীগের তিন চেয়ারম্যান কারাগারে : ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থক আলোচিত তিন সাবেক ইউপি চেয়ারম্যান অপারেশন ডেভিল হান্ট থেকে নিজেদের বাঁচাতে স্বেচ্ছায় কারাবরণের পথ বেছে নিয়েছেন। গতকাল বিকেলে ঝিনাইদহ সদর আমলি আদালতে নাশকতার মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠায়। এই তিন সাবেক চেয়ারম্যান হলেন কাজী নাজির উদ্দিন, সিরাজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাসুম।
মোহনগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার : নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
রংপুরে গ্রেপ্তার ৩০ : রংপুর নগরীসহ বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে নগরীতে ৫ জন ও রংপুর বিভাগের ৮ জেলা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্যামনগরে অস্ত্রসহ আটক ২ : সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে। একটি একনলা বন্দুক এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
লোহাগাড়া উপজেলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোলায় গ্রেপ্তার ১৪ : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভোলায় রবিবার রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। তারা সবাই আওয়ামী লীগ নেতাকর্মী বলে কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
