সরকারি দপ্তরের ডেভিলদের আগে ধরেন : মির্জা আব্বাস

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করেন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এ সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।’

গতকাল মঙ্গলবার বিকেলে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামসংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছেÑ এটা তো নতুন দাবি নয়। আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁকফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।’

গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।’

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, নির্বাচনী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, মহানগর বিএনপির নেতা শামছুল হুদা, ইউনূস মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত