নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ শুনানি মুলতবির এ আদেশ দেয়।
এর আগে গত ১৯ জানুয়ারি আপিল বিভাগ এ মামলার শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল। এর ধারাবাহিকতায় বিষয়টি গতকালের কার্যতালিকায় আসে। গত বছরের ২৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষে বদিউল আলম মজুমদারসহ পাঁচজন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। এরপর পৃথক সময়ে একই বিষয়ে বিএনপির মহাসচিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে পৃথক রিভিউ আবেদন করা হয়।
১৯৯৬ সালের ২৭ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এ সংশোধনীর বৈধতা প্রশ্নে ১৯৯৮ সালে রিট আবেদন হয়। ২০০৪ সালের ৪ আগস্ট রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিটকারীপক্ষ। ২০১০ সালের ১০ মে আপিল মঞ্জুর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। এ রায়ের আলোকে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তসহ বেশ কিছু বিষয় নিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়।
